WB Rain Forecast till 1st March। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ায় ঘুম ভাঙল বাংলার

Spread the love

জোরে-জোরে বজ্রপাত, সঙ্গে বৃষ্টি – মঙ্গলবার ভোররাতে এমন কায়দায় ঘুম ভাঙল পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদের মতো জেলায় ভোরের দিকে (ভোর চারটে-পাঁচটা নাগদ) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সঙ্গে বয়েছে দমকা হাওয়া। কিছুটা জোরেই এক পশলা বৃষ্টি হয় কলকাতা লাগোয়া একাধিক জায়গায়। তাছাড়াও রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, বীরভূম, হাওড়ার মতো জেলায়। যে ধারা অব্যাহত থাকতে পারে আজও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে।

আজ কোন কোন জেলায় বৃষ্টি হবে?

আপাতত যা পূর্বাভাস, তাতে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাই (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) ভিজবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কয়েকটি অংশে।

আবার উত্তরবঙ্গের তিনটি জেলায় আজ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার মতো জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।

আজকের পরও বৃষ্টি চলবে বাংলায়?

সার্বিকভাবে এই বৃষ্টির স্থায়িত্ব বেশিদিন হবে না। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ পর্যন্ত বৃষ্টি হবে। তারপর শুষ্কই থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। এই সময়ের মধ্যে নতুন করে বাড়বে না সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা)। আগামী সাতদিন (ফেব্রুয়ারির শেষ ও মার্চের একেবারে শুরু) উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।

কাঠফাটা রোদ, পাখা চালানো ও গরম

তবে গরম যে ভালোমতোই পড়ে গিয়েছে, সেটা ইতিমধ্যে টের পাওয়া যাচ্ছে। রাতের দিকে জেলায়-জেলায় পাখা চালাতে হচ্ছে। আর দিনে রোদে বেরোলে তো দরদর ঘাম হচ্ছে। কাঠফাটা রোদ ভয় ধরিয়ে দিয়ে যাচ্ছে আগামিদিনের জন্য। সোমবার যেমন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। আবহবিদদের মতে, খুব শীঘ্রই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি ছুঁয়ে ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *