২০২৬ বিধানসভা ভোটের আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে তাতে ১০ প্রতিক্ষা জনতার উদ্দেশে রাখল তৃণমূল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের তরফে ১০ টি প্রতিশ্রুতি প্রকাশ করার পাশাপাশি চেনা মেজাজে কেন্দ্রকে তোপ দিয়েছেন। তিনি অভিযোগের পারদ তুলে বলছেন,‘ অঘোষিত নয়, এখানে ঘোষিত রাষ্ট্রপতি শাসন হচ্ছে। লজ্জা! এর মধ্যেই ভোট করাচ্ছে বাংলায়।’ সুর চড়িয়ে মমতা বলেন,‘এত ভয় কীসের? বাংলা রাজ্যটা থাক, সেটাই চায় না বিজেপি। তাই ভোটের পর আসন পুনর্বিন্যাস চাইছে।’ এদিন, তৃণমূল সামনে আনল তাদের নির্বাচনী ইস্তেহার। আর তাতেই নজর কেড়েছে , দুয়ারে চিকিৎসা-র প্রতিশ্রুতি। ঠিক কী কী বলেছেন মমতা, দেখে নেওয়া যাক।
দুয়ারে চিকিৎসা-
মমতা এদিন বলেন, ‘এ বার দুয়ারে চিকিৎসা করব। আগে দুয়ারে সরকার যে করেছি, তা চলবে। আমার পাড়া আমার সমাধানে বুথে বুথে আট হাজার কোটি টাকা দিয়েছি।’
শিক্ষা বিষয়ে-
রাজ্যের শিক্ষা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে দিদি বলেন, ‘বাংলার শিক্ষায়তনের’ অধীনে পরিকাঠামো উন্নয়ন হবে সমস্ত সরকারি স্কুলে। তিনি জানান,কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ হবে। ই-লার্নিং হবে। তিনি বলেন,’ আধুনিক প্রযুক্তি থাকবে। শিক্ষক নিয়োগ করতে চাই।’
কৃষির বিষয়ে-
কৃষি ও চাষাবাদ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালে ইলিশ নিয়ে রিসার্চ সেন্টার গড়ে তোলার পর ‘এখন বাংলা ইলিশে ভাসে।’ এছাড়াও তিনি জানান আলুর বিমার বিষয়ে সরকারের উদ্যোগের কথা। এক্ষেত্রে তিনি ‘বাজেটে কৃষি কৃষকের হাসি’র প্রসঙ্গেও বক্তব্য রাখেন।

প্রকল্প-
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে জানান, ‘আমি পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাকে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। বিশ্বমানের লজিস্টিকস, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো এবং একটি অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার তৈরির মাধ্যমে আমি বাংলাকে বিনিয়োগ ও ব্যবসার শ্রেষ্ঠ গন্তব্য করে তুলব।’
মমতা তাঁর পোস্টে বলেন, ‘বাংলার প্রতিটি পরিবারের মাথার ওপর থাকবে পাকা ছাদ। এছাড়া ঘরে ঘরে পরিস্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। ‘প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন দিদি। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, যুবশ্রী, মেধাশ্রী প্রকল্পের খাতে তাঁর সরকারের কর্মকাণ্ড ঘিরেও ইতিবাচক বার্তা দেন দিদি। রাজ্যের পরিকাঠামো উন্নয়নে ১০ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে তৃণমূল সরকার।
প্রবীণদের জন্য দিদির বার্তা-
রাজ্যে থাকা প্রবীণদের জন্য এদিন মমতা তাঁর বক্তব্যে জানান, তাঁর দল প্রবীণদের যত্নের দিকটি নিয়েও ভাবছে। অনেক সময়ই প্রবীণদের সন্তানরা দূরে চলে যাওয়ার ফলে প্রবীণদের দেখভালের দিকটিতে নজর রাখবে তৃণমূল। মমতা বলেন,’প্রবীণদের যত্ন। অনেক সময় তাঁদের সন্তানেরা বাইরে চলে যান। তাঁদের দেখার কেউ থাকেন না। তাই প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে! এটাও আমাদের অঙ্গীকার।’
নতুন ব্লক, ডিভিশন, জেলা-
মমতা জানান, সাতটি নতুন জেলা রাজ্যে হওয়ার বিষয়ে। কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতি, বসিরহাট নতুন জেলা হতে পারে বলে খবর। আরও ব্লক, ডিভিশন, জেলা হবে, বলে তিনি জানান। মমতা বলেন, ‘প্রতি ব্লকে দুয়ারে মেডিক্যাল ক্যাম্প হবে’ বলেও জানিয়েছেন।