TMCর ইস্তেহারে ‘১০ প্রতিজ্ঞা’ ঘোষণা মমতার

Spread the love

২০২৬ বিধানসভা ভোটের আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে তাতে ১০ প্রতিক্ষা জনতার উদ্দেশে রাখল তৃণমূল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের তরফে ১০ টি প্রতিশ্রুতি প্রকাশ করার পাশাপাশি চেনা মেজাজে কেন্দ্রকে তোপ দিয়েছেন। তিনি অভিযোগের পারদ তুলে বলছেন,‘ অঘোষিত নয়, এখানে ঘোষিত রাষ্ট্রপতি শাসন হচ্ছে। লজ্জা! এর মধ্যেই ভোট করাচ্ছে বাংলায়।’ সুর চড়িয়ে মমতা বলেন,‘এত ভয় কীসের? বাংলা রাজ্যটা থাক, সেটাই চায় না বিজেপি। তাই ভোটের পর আসন পুনর্বিন্যাস চাইছে।’ এদিন, তৃণমূল সামনে আনল তাদের নির্বাচনী ইস্তেহার। আর তাতেই নজর কেড়েছে , দুয়ারে চিকিৎসা-র প্রতিশ্রুতি। ঠিক কী কী বলেছেন মমতা, দেখে নেওয়া যাক।

দুয়ারে চিকিৎসা-

মমতা এদিন বলেন, ‘এ বার দুয়ারে চিকিৎসা করব। আগে দুয়ারে সরকার যে করেছি, তা চলবে। আমার পাড়া আমার সমাধানে বুথে বুথে আট হাজার কোটি টাকা দিয়েছি।’

শিক্ষা বিষয়ে-

রাজ্যের শিক্ষা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে দিদি বলেন, ‘বাংলার শিক্ষায়তনকে টার্গেট করেছি। বাজেটে পাশ হয়েছে। মন্ত্রিসভায় পাশ করেছি। কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ হবে। ই-লার্নিং হবে। আধুনিক প্রযুক্তি থাকবে। শিক্ষক নিয়োগ করতে চাই। বিপক্ষেরা কোর্টে কেস করে দেয়। তাতে ভাগ্য ঝুলে রইল শিকেয়। বোঝে না, মানুষ কষ্ট পায়।’

কৃষির বিষয়ে-

কৃষি ও চাষাবাদ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালে ইলিশ নিয়ে রিসার্চ সেন্টার গড়ে তোলার পর ‘এখন বাংলা ইলিশে ভাসে।’ এছাড়াও তিনি জানান আলুর বিমার বিষয়ে সরকারের উদ্যোগের কথা। দিদি বলেন,’ আগের বার ৫৪ লক্ষ মেট্রিক টন সংগ্রহ করে নিয়েছি। এ বারেও হচ্ছে, হবে। সময় লাগে। আলুও সংগ্রহ করতে শুরু করেছি। কেউ বাইরে বিক্রি করতে চাইলেও আপত্তি নেই। এখন ডিম ৯০ শতাংশ আমরা উৎপাদন করি। পেঁয়াজ আগে বাইরে থেকে আসত। এখন আমরা উৎপাদন করি।’ এক্ষেত্রে তিনি ‘বাজেটে কৃষি কৃষকের হাসি’র প্রসঙ্গেও বক্তব্য রাখেন।

প্রকল্প-

একাধিক প্রকল্পের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘দেউচা পচামি থেকে সিমেন্টের হাব, চামড়ার হাব, বিদ্যুতের হাব হয়েছে। এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে। দেউচা পচামি হলে আগামী ১০০ বছর বিদ্যুতের সমস্যা হবে না। দাম কমবে।’

পরিসংখ্যান তুলে ধরে মমতা বলেন, আবাস যোজনায় এক কোটি ২০ লক্ষ বাড়ি করা হয়েছে, ২ লক্ষ বাড়িয়ে পানীয় জল পৌঁছত, এখন সেই সংখ্যা এক কোটি হয়েছে। প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন দিদি। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, যুবশ্রী, মেধাশ্রী প্রকল্পের খাতে তাঁর সরকারের কর্মকাণ্ড ঘিরেও ইতিবাচক বার্তা দেন দিদি।

প্রবীণদের জন্য দিদির বার্তা-

রাজ্যে থাকা প্রবীণদের জন্য এদিন মমতা তাঁর বক্তব্যে জানান, তাঁর দল প্রবীণদের যত্নের দিকটি নিয়েও ভাবছে। অনেক সময়ই প্রবীণদের সন্তানরা দূরে চলে যাওয়ার ফলে প্রবীণদের দেখভালের দিকটিতে নজর রাখবে তৃণমূল। মমতা বলেন,’প্রবীণদের যত্ন। অনেক সময় তাঁদের সন্তানেরা বাইরে চলে যান। তাঁদের দেখার কেউ থাকেন না। তাই প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে! এটাও আমাদের অঙ্গীকার।’

নতুন ব্লক, ডিভিশন, জেলা-

মমতা জানান, সাতটি নতুন জেলা রাজ্যে ইতিমধ্যেই তাঁর আমলে হয়েছে। আরও ব্লক, ডিভিশন, জেলা হবে। তিনি ‘প্রতি ব্লকে দুয়ারে মেডিক্যাল ক্যাম্প হবে’ বলেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *