Trump on White House Press Dinner Shooter। ‘আমিই টার্গেট ছিলাম মনে হয়’! গুলি চলার পর দাবি ট্রাম্পের

Spread the love

ওয়াশিংটনের হোটেলে যে গুলি চলেছে, সেটার ‘টার্গেট’ ছিলেন তিনিই? তেমনটাই মনে করছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্দেহভাজন বন্দুকবাজ ইতিমধ্যে আটক করা হলেও তাঁর ‘মোটিভ’ নিয়ে আপাতত মার্কিন গোয়েন্দা সংস্থা বা তদন্তকারী সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ধৃতের টার্গেটে তিনি ছিলেন কিনা, তা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয়।’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, এই গুলি চালানোর ঘটনার সঙ্গে ইরানের যুদ্ধের কোনও যোগসূত্র আছে বলে মনে করেন না।

অনেক অস্ত্র ছিল ধৃত যুবকের কাছে, দাবি ট্রাম্পের

আর ট্রাম্প সেইসব বলেছেন শনিবার রাত (স্থানীয় সময় অনুযায়ী) ওয়াশিংটনের হোটেলে ওয়াইট হাউস সাংবাদিকদের নৈশভোজের অনুষ্ঠানে গুলি চলার পরে। তিনি জানিয়েছেন, ৫০ গজ দূর থেকে এসে গুলি চালিয়েছে অভিযুক্ত যুবক। তাঁর কাছে অনেক অস্ত্রশস্ত্র এবং বুলেটপ্রুফ ভেস্ট ছিল।

তাঁর কথায়, ‘এটা খুবই অপ্রত্যাশিত ছিল। কিন্তু সিক্রেট সার্ভিস এবং বিভিন্ন এজেন্সির তরফে অবিশ্বাস্যভাবে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। একজন ব্যক্তি একাধিক অস্ত্রশস্ত্র নিয়ে একটি নিরাপত্তা চেক পয়েন্টে হামলা চালালে সিক্রেট সার্ভিসের কয়েকজন অত্যন্ত সাহসী সদস্য তাকে কাবু করেন। তাঁরা খুব দ্রুত পদক্ষেপ করেছেন। স্বচ্ছতা ও স্পষ্টতার স্বার্থে আমি এটি প্রকাশ করার নির্দেশ দিয়েছি।’

কেন তাঁকে ‘টার্গেট’, বোঝালেন ট্রাম্প

তারইমধ্যে ওই ধৃত যুবকের ছবিও পোস্ট করেছেন ট্রাম্প। ছবিতে দেখা গিয়েছে যে ওয়াশিংটনের হোটেলে উল্টো হয়ে পড়ে আছেন যুবক। পিছনে বাঁধা আছে হাত। সেইসঙ্গে ট্রাম্প দাবি করেছেন, আমি গুপ্তহত্যা নিয়ে গবেষণা করেছি, এবং আমায় বলতেই হচ্ছে, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা, যাঁরা সবচেয়ে বেশি কাজ করেন, যাঁরা সবচেয়ে বড় প্রভাব ফেলেন, তাঁদেরকেই টার্গেট করা হয়।’

আমরা তাঁকে ভালোবাসি, দাবি ট্রাম্পের

সেই রেশ ধরে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, গুলি চালানোর ঘটনায় একজন অফিসার আহত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ট্রাম্পের কথায়, ‘একজন অফিসার গুলিবিদ্ধ হলেও একটি খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় তিনি বেঁচে যান। তাঁকে খুব কাছ থেকে একটি অত্যন্ত শক্তিশালী বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল, এবং ভেস্টটিই তাঁর কাজ করে দিয়েছে। তিনি এখন খুব ভালো আছেন। তিনি দারুণ সুস্থ আছেন; তাঁর মনোবল খুব চাঙ্গা, এবং আমরা তাঁকে বলেছি যে আমরা তাঁকে ভালোবাসি ও সম্মান করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *