আজই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, আজ বিকেল চারটেয় কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। সেখানেই ঘোষণা করা হবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। ভোট ঘোষণা করা হবে অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও। পশ্চিমবঙ্গের সঙ্গে ওই তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলেরও বিধানসভা নির্বাচন হয়ে থাকে। সাধারণত পশ্চিমবঙ্গের থেকে কম দফায় ভোট হয় ওই রাজ্যগুলিতে। তবে এবার গতবারের মতো অত বেশি দফায় ভোট হওয়ার কার্যত কোনও সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে।
৮ দফা ভোট করার সময়ই পাবে না কমিশন
কারণ কমিশনের হাতে বেশি সময় নেই। মে’র প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। তার মধ্যে ভোট করতে হবে। সাধারণত যেদিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়, তার মাসখানেক পরে প্রথম দফার নির্বাচন করা হয়। সেইমতো আজ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার অর্থ হল যে পয়লা বৈশাখের আশপাশে প্রথম দফার ভোটগ্রহণ হবে। সেক্ষেত্রে গতবারের মতো আট দফায় ভোট করার সময়ই পাবে না কমিশন।
২ বা ৩ দফায় ভোট পশ্চিমবঙ্গে?
সংশ্লিষ্ট মহলের ধারণা, মেরেকেটে দুই থেকে তিন দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে এপ্রিলের মতো ভোটগ্রহণ শেষ হয়ে যাবে। আর মে’র একেবারে গোড়ার দিকে ফলপ্রকাশ করা হবে। ২০২১ সালের নির্বাচনে যেমন ২ মে গণনা হয়েছিল। এবারও সেই দিনটা মোটামুটি এক থাকতে পারে বলে সংশ্লিষ্ট মহলের মতে। গতবার ফেব্রুয়ারিতে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। ভোটগ্রহণ শুরু হয়েছিল মার্চ থেকে। চলেছিল এপ্রিলের শেষ পর্যন্ত। অষ্টম দফার ভোট এপ্রিলে হওয়ার পরে মে’তে গণনা হয়েছিল।এমনিতে বিজেপি বা সিপিএমের মতো দল এক বা দু’দফায় নির্বাচনের আর্জি জানিয়েছে। দিনকয়েক আগে যখন কমিশনের ফুলবেঞ্চ পশ্চিমবঙ্গে এসেছিল, তখন সেই অনুরোধ জানানো হয়েছিল। শেষপর্যন্ত সেই আর্জি মেনে কমিশন মেনে নেয় কিনা, তা জানা যাবে আজ।
