WB Vote Update। ‘সিমপ্যাথি কার্ড খেলছেন মমতা- আমি মহিলা! আমার পিছনে এত লোক পড়ে

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এবার ভোটে জেতার জন্য ‘সিমপ্যাথি কার্ড’ খেলছেন। আজ খড়গপুর সদরে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরই সঙ্গে তিনি দাবি করেন, রাজ্য জুড়ে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। দিলীপের কথায়, এবার রাজ্যে ‘পরিবর্তন আসবেই’। আমিষ-নিরামিষ বিতর্ক থেকে শুরু করে এসআইআর, অনেক ইস্যুতেই নিজের মতামত ব্যক্ত করেন দিলীপ ঘোষ।

আজ মমতাকে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সব কার্ড খেলে দিয়েছেন। মাছ-ভাত পর্যন্ত এসে গিয়েছেন। এখন সহানুভূতি (সিমপ্যাথি) কার্ড খেলছেন – আমি মহিলা, এত লোক আমার পিছনে পড়ে আছে, আমায় মেরে ফেলার চেষ্টা করছেন। প্রতিবার এসব কথা বলে যে লাভ হত মমতার, এবার সেটা হবে না। ভোট হবে। পরিবর্তন হবে। পুরো দেশ দেখবে।’

এদিকে খড়গপুরে নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দেখায় দিলীপ ঘোষকে। তারই সঙ্গে মাছ-মাংস নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রচারেরও জবাব দেন তিনি। দিলীপ বলেন, ‘বাঙালি মাছভাত খায় এটা যেমন প্রমাণ করতে হয় না, তেমনই দিলীপ ঘোষ যে খড়্গপুরের ঘরের লোক, সেটা প্রমাণ করার দরকার নেই। খড়্গপুর বিজেপির সঙ্গেই আছে।’ তাঁর কথায়, ‘মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে বিজেপি সরকার আসা শুধু সময়ের অপেক্ষা। মমতা হেরেই গেছেন। চারিদিকে এখন বিজেপির আবহাওয়া। আগে মানুষ এতটা প্রকাশ্যে কিছু বলত না, এখন নির্ভয়ে বলছে।’

এদিকে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে বলে নির্বাচন কমিশনের প্রশংসা করেন দিলীপ। তিনি বলেন, ‘প্রথম দফায় রাজ্যের অন্যান্য জায়গাতেও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোথাও কোনও অশান্তির খবর নেই। নির্বাচন কমিশন ভালো কাজ করছে। কড়া নজরদারি চলছে। বাংলায় এবার পরিবর্তন হবেই।’ এদিকে এসআইআর প্রসঙ্গে দিলীপ বলেন, ‘অন্য রাজ্যেও এসআইআর হয়েছে। সেসব জায়গায় কোনও কথা ওঠেনি। বাংলাতেই এসআইআর নিয়ে চর্চা চলছে। তৃণমূল কংগ্রেস এবার ভোটে হারছে। সেজন্যই এইসব বিষয়কে সামনে এনে প্রচার চালাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *