Annaurna Yojna Form Details: রাজ্যে শুরু হতে চলা অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে ১১ পাতার একটি বিস্তারিত ফর্ম। ওই ফর্মে আবেদনকারী ও তাঁর পরিবারের বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি পরিষেবা পাওয়ার জন্য আবেদনকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও জমা দিতে হতে পারে। এই ফর্মটি পাওয়া যাবে https://socialsecurity.wb.gov.in/login – ওয়েবসাইটে।
আবেদনকারীর আধার কার্ড এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরের তথ্য দিতে হবে। পাশাপাশি আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়েছে। ভোটার কার্ডের নম্বর এবং অন্যান্য বিশদও হবে বলে জানানো হয়েছে। এছাড়া ডিজিটাল রেশন কার্ডের তথ্য জমা দেওয়ার কথাও বলা হয়েছে। আবেদনকারীর জমিজমা সংক্রান্ত খতিয়ানও প্রয়োজন হতে পারে। ফর্মে জিজ্ঞাসা করা হয়েছে, আবেদনকারীর নিজেস্ব বাড়ি বা ফ্ল্যাট আছে নাকি। এছাড়া বাসস্থানে তিনের বেশি ঘর আছে কি না। পরিবারের সদস্যদের প্যান কার্ডের তথ্য, পেশা সংক্রান্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বিষয়েও জানতে চাওয়া হয়েছে সেই ফর্মে। এদিকে আবেদনকারীর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও বিশদ তথ্য দিতে হবে এই ফর্মে।
পরিবারের বার্ষিক আয়, স্বাস্থ্যবিমা কিংবা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া হচ্ছে কি না, সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে। শিশুদের স্কুলে পড়াশোনা ও টিকাকরণ সংক্রান্ত তথ্যও ফর্মে উল্লেখ করতে হবে বলে জানা গিয়েছে। এছাড়াও পরিবারের কারও চার চাকার গাড়ি রয়েছে কি না এবং কেউ সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছেন কি না, বা এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে কি না, সেই বিষয়েও তথ্য চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে টানা তিন মাস। অনলাইন ও অফলাইন- দুই পদ্ধতিতেই আবেদন জমা নেওয়া হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
