ইজরায়েলি হামলায় প্রাণ গেল ট্রাম্পকে ধমকি দেওয়া লারিজানির

Spread the love

ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে ক্রমাগত আক্রমণ শানিয়ে যাচ্ছিলেন তিনি। প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পরে ইরানের ‘মুখ’ হয়ে উঠেছিলেন আলি লারিজানি। তবে ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি মারা গিয়েছেন ইজরায়েলি হামলায়। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলিরেজা বায়েতও প্রয়াত হয়েছেন ইজরায়েল হামলায়। লারিজানির ওপর ইজরায়েলি হামলার সময় তাঁর সঙ্গেই ছিলেন আলিরেজা। এছাড়া বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ইরান।

ইরানে একের পর এক শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারালেও যুদ্ধ তারা থামাচ্ছে না। গতকাল নতুন করে মার্কিন ঘাঁটি এবং ইজরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে আইআরজিসি। এই আবহে গতকালও ইজরায়েলে হামলা চালায় ইরান। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া কাতারেও ইরান হামলা জারি রেখেছ। এই আবহে কাতার দাবি করে, ইরানের হামলা সফল ভাবে প্রতিহত করেছে তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাতেও ফের হামলা চালিয়েছে ইরান। সেখানে ইরানি ড্রোন এবং মিসাইল প্রতিহত করতে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতি কর্তৃপক্ষ। এই আবহে গতকাল আবুধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে শুধু ইরান নয়, ইজরায়েলের ওপর গতকাল হামলা চালিয়েছে হিজবুল্লাও। লেবাননের দক্ষিণে খিয়াম শহরে ইজরায়েলি সেনাকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লা জঙ্গিরা। এছাড়াও সীমান্ত এলাকাতেও ইজরায়েলিদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লা। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আবার বিমানবন্দরের কাছে হামলা চালায় ইজরায়েলি বায়ুসেনা। এদিকে ইরাকের বাগদাদে ইরানপন্থী জঙ্গিদের ওপর হামলা চালিয়েছিল আমেরিকা। সেই হামলায় ৪ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *