খুব সম্প্রতি ‘এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’ সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিরাট বড় বিতর্ক। একদিকে যখন সিনেমার পরিচালক তথা প্রযোজক সাঁই প্রকাশ লাহিড়ী সিনেমার অন্যতম অভিনেতা জীতু কমলকে নিয়ে একাধিক অভিযোগ ছুঁড়ে দেন, তখন অন্যদিকে অভিনেতাও নিজের পক্ষে একের পর এক প্রমাণ পেশ করেন ফেসবুকে। শুধু তাই নয়, পরিচালকের বিরুদ্ধে মানহানির মামলাও করেন অভিনেতা।
এই গোটা ঘটনায় জীতুর পাশে দাঁড়িয়েছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তিনি জীতুকে একজন পরিশ্রমী, একনিষ্ঠ, সৎ অভিনেতা বলে বর্ণনা করেন। এবার সহ শিল্পীর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে মুখ খুললেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অন্য এক অভিনেতা অভ্রজিত চক্রবর্তী।
ধারাবাহিকের একটি দৃশ্যের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমি খুবই ঝগড়া করি। তার কারণ অন্য। আমার অনেক কিছুই মতাদর্শ, কিন্তু জীতু কমলের মতো প্রফেশনাল, ডেডিকেটেড নায়ক খুব কম দেখেছি। আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি, ওর মতো অভিনয়ের প্রতি এতটা মনোযোগ আমি খুব কম অভিনেতার মধ্যে দেখেছি।’অভ্রজিত আরও লেখেন, ‘হ্যাঁ খুবই ভুল বোঝা স্বাভাবিক ওকে। আমিও ভুল বুঝি বা ঠিক সেটা সম্পূর্ণ অন্যভাবে, ইমোশনাল বেশি তাই ঝগড়া করি। কিন্তু ভাই ওকে ভুলভাল প্রেডিক্ট করলে গায়ে লাগে। এত ভালো নায়ক, ওর নিশ্চয়ই ভালো হবে। আপনারা পাশে থাকবেন। আর আমার কথা, আমি এরকমই, অত বুঝি না।’
প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কিঙ্কর চরিত্রে অভিনয় করেন অভ্রজিত। একসঙ্গে কাজ করতে করতে জীতুর সঙ্গে ভীষণ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে অভিনেতার। তিনি জীতুকে যতটা কাছ থেকে দেখেছেন, তার ভিত্তিতেই তিনি বিবরণ দিয়েছেন সহ অভিনেতার সম্পর্কে।

যদিও এই প্রথমবার নয়। এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন জীতু। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মুখ্য মহিলা চরিত্র অর্থাৎ অপর্ণা চরিত্রে অভিনয় করতেন দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়ার সঙ্গে মতভেদ তৈরি হওয়ার কারণে তৈরি হয় বিতর্ক। অবশেষে দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর খুঁজে নেওয়া হয় অন্য অপর্ণাকে। কিন্তু বিতর্ক যতই হোক না কেন, জীতুর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি কখনও।