‘চিনের বিরোধী ছবি’! বিতর্কের মাঝেই সলমনের ব্যাটল অফ গালওয়ানের নাম বদল

Spread the love

সলমন খানের আসন্ন ওয়ার-ড্রামা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর নাম এখন থেকে ‘মাতৃভূমি’ (Maatrubhoomi)। সোমবার ছবির একটি নতুন পোস্টার শেয়ার করে সলমন ক্যাপশনে লিখেছেন, ‘May War Rest In Peace’(যুদ্ধ শান্তিতে ঘুমোক)। এই ঘোষণার মাধ্যমে ছবির নাম নিয়ে ভক্তদের মনে থাকা ধোঁয়াশা দূর করলেন অভিনেতা।

পোস্টারে সলমনের লুক ও বিতর্কের রেশ:

নতুন পোস্টারে সলমনকে দেখা যাচ্ছে রক্তাক্ত এবং আহত অবস্থায়, যেখানে তিনি কাঁটাতার জড়ানো একটি লাঠি থেকে নিজেকে রক্ষা করছেন।

লক্ষ্য করার মতো বিষয় হলো, এই নতুন পোস্টারে কোনো মুক্তির তারিখ উল্লেখ নেই। আগে ছবিটি ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল, নতুন পোস্টার ইঙ্গিত দিচ্ছে বদলে যাচ্ছে ছবির মুক্তির সময়।

গেম অফ থ্রোনস বিতর্ক: এর আগে ছবির টিজার প্রকাশের পর সলমনের একটি দৃশ্য নিয়ে ব্যাপক ট্রোল হয়েছিল। ভক্তদের দাবি ছিল, কাঁটাতার জড়ানো ব্যাট হাতে সলমনের রুখে দাঁড়ানোর দৃশ্যটি জনপ্রিয় সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর ‘ব্যাটল অফ দ্য বাস্টার্ডস’-এর জন স্নো-র আইকনিক দৃশ্যের হুবহু নকল।

অভিনয় ও সমালোচনা:

টিজারে সলমনের শান্ত ও গাম্ভীর্যপূর্ণ অভিব্যক্তি নিয়ে অনেকে সমালোচনা করলেও সলমন নিজেই তার জবাব দিয়েছিলেন। তিনি জানান, যেহেতু তিনি একজন কর্নেল-এর চরিত্রে অভিনয় করছেন, তাই অযথা চিৎকার করা তাঁর পদের গাম্ভীর্যের সাথে মানানসই হতো না। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিং-কে।

আন্তর্জাতিক বিতর্ক ও চীন-যোগ:

২০২০ সালের ভারত-চিন গালওয়ান সংঘর্ষের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ দাবি করেছে যে, এই ছবি তথ্য বিকৃত করছে এবং চিন-বিরোধী মনোভাব উসকে দিচ্ছে।

‘মাতৃভূমি’-র আসল উদ্দেশ্য:

অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সলমন খান ফিল্মসের প্রযোজনায় তৈরি এই ছবিটি কেবল যুদ্ধের দামামা নয়, বরং ভারতীয় সেনাবাহিনীর সাহস, আত্মত্যাগ এবং লড়াইয়ের এক নিটোল গল্প। নির্মাতাদের মতে, ছবির চিত্রনাট্যে যুদ্ধের তীব্রতার পাশাপাশি ভালোবাসা এবং পারিবারিক অনুভূতির এক সুন্দর ভারসাম্য বজায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *