আমেরিকায়, আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত কমিশন USCIRF, ভারতের সংঠন RSS এবং ভারতের গোয়েন্দা বিভাগ R&AWকে নিষিদ্ধ করার ডাক দিয়ে সরব হয়েছে। তাদের রিপোর্টে এই তথ্য তারা তুলে ধরেছে। এখানেই শেষ নয়। ভারতকে ‘বিশেষ একটি উদ্বেগমূলক দেশ’র তকমা দেওয়ার প্রস্তাবও রয়েছে সেই রিপোর্টে। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই, ইরান যুদ্ধের মাঝে কার্যত ওয়াশিংটনকে মোক্ষম জবাব দিয়েছে ভারত।
ভারতের বিদেশমন্ত্রকের তরফে এদিন মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন,‘ বেশ কয়েক বছর ধরে, USCIRF ভারতের একটি বিকৃত এবং বেছে বেছে কিছু ছবি উপস্থাপন করে আসছে, বস্তুনিষ্ঠ তথ্যের পরিবর্তে সন্দেহজনক উৎস এবং আদর্শগত বর্ণনার উপর নির্ভর করে। এই ধরনের বারবার ভুল উপস্থাপনা কমিশনের বিশ্বাসযোগ্যতাকেই কেবল ক্ষুণ্ন করে।’ তিনি আরও বলেন,’ভারতের বিরুদ্ধে নির্বাচনী সমালোচনা চালিয়ে যাওয়ার পরিবর্তে, USCIRF-এর উচিত মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর ও হামলা, ভারতকে লক্ষ্যবস্তুতে পরিণত করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রবাসীদের প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও ভয় দেখানোর মতো বিরক্তিকর ঘটনাগুলি নিয়ে চিন্তা করা, যা গুরুত্ব সহকারে মনোযোগের দাবি রাখে।’
আমেরিকার ওই বিতর্কিত সংগঠন, USCIRF তাদের রিপোর্টে দাবি করেছে যে ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির অবনতি অব্যাহত ছিল। তারা অভিযোগ করেছে যে কর্তৃপক্ষ ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে আইন চালু করেছে বা জোরদার করেছে, যার মধ্যে বেশ কয়েকটি রাজ্যে কঠোর ধর্মান্তর বিরোধী আইন অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে মহারাষ্ট্র, ওড়িশা এবং উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে সাম্প্রদায়িক সংঘর্ষের কথাও উল্লেখ করা হয়েছে এবং ওয়াকফ (সংশোধন) আইনের মতো আইনের সমালোচনা করা হয়েছে। রবিবার প্রকাশিত USCIRF-এর বার্ষিক প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে RSS এবং R&AW সহ বিভিন্ন সংগঠনের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে।
