বাড়ি সাজানো নানা রঙের ফুলে! ঘোমটা টেনে অন্নপূর্ণা পুজো শুভশ্রীর

Spread the love

বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন করেছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন পরিচালক-তৃণমূলের বিদায়ী বিধায়ক নিজেই। যা দেখে ভালোবাসায় ভরালেন তাঁর ভক্তরা।রাজের শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল আরবানার ফ্ল্যাটের ড্রইং রুমেই অন্নপূর্ণা পুজোর আয়োজন করেছেন দম্পতি। ফ্ল্যাটের চারদিক সাজানো রং-বেরঙের ফুলে। শুভশ্রীকে দেখা গেল গাঢ় মেরুন রঙের শাড়িতে। গা ভরা সোনার গয়না। মাথায় ওড়না দিয়ে পুজোর কাজ করছেন পুরোহিতের নির্দেশে। সঙ্গে অনবরত উলু। শুভশ্রীর বাবা, রাজের দিদি, বোনঝি, অভিনেত্রীর বান্ধবী-সহ পরিবারের কাছের মানুষরা হাজির হয়েছিলেন পুজোতে।

রাজের এই পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন তাঁদের অনুরাগীরা। একজন লেখেন, ‘অনেক সুন্দর লাগছে শুভদিকে’। আরেকজন লেখেন, ‘তোমাদের সব ইচ্ছা পূরণ হোক।’ সুদীপা চট্টোপাধ্যায় রাজের এই পোস্টে কমেন্ট করেন, ‘সবার সন্তান যেন- থাকে দুধে ভাতে… জয় মা’।

তবে কেউ আবার অন্নপূর্ণা পুজোয় ইউভান আর ইয়ালিনির দেখা না পেয়ে বেশ হতাশ। রাজ আর শুভশ্রীর দুই সন্তান বরাবরই খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে ইউভানের বয়স সাড়ে ৫ বছর, আর ইয়ালিনি মাত্র আড়াই।

কাজের সূত্রে, শুভশ্রীর প্রযোজনায় জি ফাইভে মুক্তি পেয়েছে আবার প্রলয় ২। যা পরিচালনা করেছেন রাজ। বেশ সাফল্য পেয়েছে এই ওয়েব সিরিজ। এতে কেমিও করেছেন খোদ শুভশ্রী। বড় পর্দায় শুভশ্রীর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল লহ গৌরাঙ্গের নাম রে। যা ২০২৫ সালের বড়দিনে এসেছিল। সেই সিনেমায় বিনোদিনী-র চরিত্রে দেখা মেলে রাজ-পত্নীর।

চলতি বছরে ইরাজ-ইজরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী খোদ। ছেলে ইউভানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন দুবাইতে। আর এরপর ইরানের ক্রমাগত হামলায় হোটেলেই আটকে পড়েন। বিমান চলাচল বন্ধ থাকায় ফিরতেও পারছিলেন না শহরে। তবে সব বিপদ কাটিয়ে মা-ছেলে ফিরতেই মুখে হাসি ফুটে গঙ্গোপাধ্যায় ও চক্রবর্তী পরিবারের।

এরপর শুভশ্রীর কাজ করার কথা রয়েছে দেব-এর সঙ্গে। দেশু সাত আসছে চলতি বছরের দুর্গা পুজোয়। রোম্যান্টিক ঘরনার ছবিতে দেব-শুভশ্রী জুটির ফেরা নিয়ে উৎসাহে ভাসছেন সাধারণ মানুষ। সব ঠিক থাকলে জুনেই সেই ছবির শ্যুটিং শুরুর কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *