চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসেই অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নীতির কারণে অবৈধ অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হচ্ছেন। হাজারও ভারতীয়কে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে উত্তর আমেরিকার এই দেশটি থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। তবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, অন্য অনেক দেশই নানা কারণে ভারতীয় নাগরিকদের দেশে ফেরত পাঠিয়েছে। গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে, এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই নিচে। বরং শীর্ষে রয়েছে সৌদি আরব।
২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যসভায় দেওয়া বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট ৮১টি দেশ থেকে ২৪ হাজার ৬০০-র বেশি ভারতীয়কে বহিষ্কার করা হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরব। গত ১৮ ডিসেম্বর বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদে লিখিত জবাবে জানান, বিদেশে ভারতীয়দের আটক ও সেখান থেকে বিতাড়নের নানা কারণ রয়েছে। এরমধ্যে রয়েছে ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ পার হয়ে যাওয়া, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা, শ্রম বিধি লঙ্ঘন, নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়া এবং দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ার মতো কাজ। সরকারি হিসাব বলছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরব। রিয়াদের ভারতীয় মিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৮ হাজার ৮৮৭ জন, ২০২২ সালে ১০ হাজার ২৭৭ জন, ২০২৩ সালে ১১ হাজার ৪৮৬ জন এবং ২০২৪ সালে ৯ হাজার ২০৬ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে ৭ হাজার ১৯ জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের নির্বাসন
সৌদি আরবের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর সংখ্যা অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনগুলির তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসি মিশন থেকে ২০২১ সালে ৮০৫ জন, ২০২২ সালে ৮৬২ জন, ২০২৩ সালে ৬১৭ জন, ২০২৪ সালে ১ হাজার ৩৬৮ জন এবং ২০২৫ সালে ৩ হাজার ৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানোর তথ্য দেওয়া হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো, নিউইয়র্ক, আটলান্টা, হিউস্টন ও শিকাগোর মতো অন্যান্য মিশনে ভারতীয়দের বহিষ্কারের সংখ্যা সাধারণত দুই অঙ্ক বা খুব কম সংখ্যার মধ্যেই থেকেছে। আর এ সবই উপসাগরীয় দেশ থেকে ভারতীয়দের দেশে পাঠানোর সংখ্যার তুলনায় অনেক নিচে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের নির্বাসনের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ওয়াশিংটন ডিসিতে। সেখান থেকে ৩ হাজার ৪১৪ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়াও হিউস্টন থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ২৩৪ জনকে।