Bangladeshi leader Threats। ‘চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন’ করার হুঙ্কার খোদ ইউনুসের দেশেই

Spread the love

যে বাংলাদেশের বুকে কিছুদিন আগে শোনা গিয়েছিল, ভারতের উত্তর পূর্বের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে নেতাদের বিতর্কিত মন্তব্য, সেই বাংলাদেশেই এবার হুঙ্কার উঠল,’চট্টগ্রাম বাংলাদেশ থেকে ‘ আলাদা করে দেওয়ার। গত ডিসেম্বর মাসে ওসমান হাদির মৃত্যুর পর তোলপাড় হয়েছে বাংলাদেশ। গুলিতে আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তাঁর খুনের সঠিক তদন্তের দাবিতে এদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল আয়োজিত হয়। চট্টগ্রামে এমনই এক মিছিল থেকে ওঠে এই নয়া হুঙ্কার।

হাদি হত্যায় খুনিদের গ্রেফতারের দাবিতে ইনকিলাব মঞ্চের তরফে চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা এক মিছিলের আয়োজন করেন। মিছিলের আগে যে সমাবেশ হয়, তাতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ। তিনি বলেন,’ হাদি হত্যার বিচার নিয়ে ইন্টেরিম (অন্তর্বর্তী সরকার) টালবাহানা শুরু করে দিয়েছে।’ এরই সঙ্গে তিনি বলেন,’ হাদি হত্যার বিচার না হলে প্রয়োজনে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইন্টেরিমকে অপসারণে আন্দোলন করা হবে।’

উল্লেখ্য, কিছুদিন আগেই ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে সরব হয়েছিলেন তাঁর দাদা ওমর হাদি। ওসমানের অভিযোগ ছিল,’যে সময়ে আমার ভাইকে খুন করা হল, তখন ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। তাই নিরাপত্তা ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে।’ তাঁর সেই অভিযোগের কয়েক সপ্তাহ পার হতেই আজ জানা গিয়েছে, ইউনুস সরকার ওসমান হাদির ভাই ওমর হাদিকে ইউকে-তে বাংলাদেশের সহকারী দূতাবাসে দ্বিতীয় সচিব হিসাবে চাকরি দিয়েছে।

এদিকে, চট্টগ্রাম, ঢাকা সহ বেশ কিছু জায়গায় এদিন হাদির খুনের সঠিক তদন্তের দাবিতে জোরালো মিছিল হয়। চট্টগ্রামে, হাদি খুনের চার্জশিট নিয়ে নানান অভিযোগে সরব হন জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ। তিনি বলেন,’তাড়াহুড়া করে একটা চার্জশিট দেওয়া হয়েছে। সেখানে ভুল তথ্য দিয়েছে। চার্জশিটের ভুলগুলো আমাদের ইনকিলাব মঞ্চের ভাইয়েরা তুলে ধরেছেন। মূল আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্ত করে গ্রেপ্তার ও বিচার করতে হবে। না হয় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলেন,’ ইন্টেরিম কি আমাদের সঙ্গে টালবাহানা করছে? এই চট্টগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, যদি আপনারা টালবাহানা করতেই থাকেন, তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *