গ্ল্যামার দুনিয়ায় যখন নিজের মাটি শক্ত করছিলেন, ঠিক তখনই অকালে ঝরে পড়লেন হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা সিরোহি। মঙ্গলবার গভীর রাতে গাজিয়াবাদের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে গাজিয়াবাদেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
টিকটক থেকে সাফল্যের শিখরে
দিব্যাঙ্কার বিনোদন জগতে যাত্রা শুরু হয়েছিল টিকটকের হাত ধরে। ‘মেরি মাম্মি নু পসন্দ নি তু’ গানে তাঁর একটি নাচের ভিডিও রাতারাতি ভাইরাল হয়, যা তাঁকে প্রায় ২০ মিলিয়ন ভিউ এনে দিয়েছিল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। প্রায় ৫০টিরও বেশি হরিয়ানভি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। মাসুম শর্মা, অমিত সাইনি রোহতকিয়ার মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে তাঁর কাজ দর্শকদের নজর কেড়েছিল।
শিক্ষিত ও স্বপ্নবাজ এক প্রাণ
১৯৯৬ সালে উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম দিব্যাঙ্কার। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। মেরুত থেকে বিসিএ (BCA) করার পর সিকিম থেকে এমবিএ (MBA) ডিগ্রি অর্জন করেন। কিন্তু ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি প্রবল টান তাঁকে টেনে এনেছিল লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়।

শোকস্তব্ধ নেটপাড়া
দিব্যাঙ্কার অকালপ্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর সহকর্মী ও ভক্তরা এই শোক সইতে পারছেন না। মাত্র ৩০ বছরে হৃদরোগের মতো ঘটনা আবারও তরুণ প্রজন্মের স্বাস্থ্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। দিব্যাঙ্কা রেখে গেলেন তাঁর পরিবার ও অসংখ্য গুণমুগ্ধকে।