Impact of Iran War on India। মার্কিন-ইরান যুদ্ধের মধ্যে সহিংসতার শঙ্কায় ভারত

Spread the love

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের আবহে রাজ্যগুলিকে সতর্ক থাকার চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই চিঠিতে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকার কথা বলা হয়েছে রাজ্যগুলিকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর ভারতের অনেক শহরে বিক্ষোভ হয়েছে। এই আবহে গত ২৮ ফেব্রুয়ারি জারি করা চিঠিতে বলা হয়েছিল, পশ্চিম এশিয়ার ঘটনার প্রভাব পড়তে পারে ভারতেও। এই আবহে দ্রুত গোয়েন্দা তথ্য ভাগ করে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছে।

এএনআইয়ের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক ঘটনার সুযোগ নিয়ে চরমপন্থীরা স্থানীয় স্তরে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বলে উদ্বিগ্ন দিল্লি। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই মারা গিয়েছেন ইজরায়েল এবং আমেরিকার হামলায়। এই খবর সামনে আসতেই কাশ্মীরে শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এই আবহে ১ মার্চ শ্রীনগরের লালচকে আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ মানুষ। তারা ইজরায়েল এবং আমেরিকা বিরোধী স্লোগান তোলেন। তবে এই বিক্ষোভ প্রদর্শন শান্তিপূর্ণ ভাবেই চলে।

এদিকে খামেনেই এবং তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেছে ভারতের জম্মু ও কাশ্মীরের শিয়া সমিতি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুা মুফতি ইজরায়েল এবং আমেরিকার এই হামলা তীব্র নিন্দা জানিয়েছেন। এরই সঙ্গে তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের একটি সরব কণ্ঠস্বর ইরান। কোনও মিসাইল ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে পারবে না।’ এদিকে কাশ্মীরের প্রধান ইমাম মীরওয়াইজ উমর ফারুকও ইরানের ওপর হামলার প্রতিবাদ করেছেন। এদিকে জম্মু ও কাশ্মীর ছাড়াও লখনউ, লাদাখের লেহ-তেও শিয়া সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রদর্শন করেন আমেরিকার বিরুদ্ধে।

এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক হামলার তীব্র নিন্দা জানান জামাতে ইসলামি হিন্দের সভাপতি সৈয়দ সাদাতোল্লা হোসেইনি। সাদাতোল্লা বলেন, এই হামলার জেরে পশ্চিম এশিয়া জুড়ে শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক হামলা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বর্ণনা করেছেন বিবৃতিতে জামাতের চেয়ারম্যান। এই হামলাকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে বেপরোয়া পদক্ষেপ বলে অভিহিত করেছেন। সাদাতোল্লা বলেন, এই পরিস্থিতিতে ভারতকে স্বাধীন ও নীতিগত অবস্থান গ্রহণ করতে হবে। একই সঙ্গে মুসলিম দেশগুলোর প্রতি তাঁর বার্তা, এই সংঘাত যাতে বৃহত্তর যুদ্ধে পরিণত না হয়, তা নিশ্চিত করার চেষ্টা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *