অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি টলিউড। এই শোকের আবহেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরেই তৈরি হল তীব্র বিতর্ক। রাহুলের প্রয়াণ নিয়ে সৌরভের ‘ক্য়াজুয়াল’ মন্তব্য একেবারেই ভালো মনে নেননি টলিউডের একাংশ। আর এই বিষয়ে ফেসবুকে সোজাসাপ্টা ভাষায় প্রতিবাদ জানালেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র।
কী বলেছিলেন সৌরভ?
রাহুল দাদাগিরি-র সেটের এক নিয়মিত মুখ ছিলেন। সৌরভের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা কারুর অজানা নয়। মাত্র ৪২ বছর বয়সে, অভিনেতার অকাল মৃত্যুর খবর যখন নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। তখন সেই মৃত্যুর খবর শুনে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘কেন যে ও জলে-টলে নামতে গেল, সেটাই আমি বুঝতে পারছি না।’ মহারাজের এই মন্তব্যেই লুকিয়ে ছিল এক ধরণের বিস্ময় এবং প্রচ্ছন্ন সমালোচনা, যা রাহুলের পরিবার এবং সতীর্থদের মনে আঘাত দিয়েছে। বিশেষ করে যখন রাহুলের মৃত্যুতে শুটিং সেটের ‘গাফিলতি’-র অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে।
মৈত্রেয়ীর প্রতিবাদী পোস্ট:
অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র সৌরভের এই মন্তব্যকে ‘অশ্রদ্ধাপূর্ণ’ বলে বর্ণনা করেছেন। ফেসবুকে সৌরভের ‘বাইট’ বা সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি তাঁর পোস্টটিতে লিখেছেন: ‘সৌরভ গাঙ্গুলীর একটা বাইট দেখলুম। মানুষটার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি ক্রমে ক্রমে। উনি কিছু জেনে কথা বলেন নাকি না জেনে বলেন জানি না। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নিজের শখে, খেলা করতে, বেপরোয়া মানসিকতায় জলে নামেনি। তাই এক্ষেত্রে অন্য উপমাগুলো অপ্রাসঙ্গিক। ওনার পুরোটা জেনে বাইট দেওয়া উচিৎ ছিল। ক্ষমা করবেন, কিন্তু বলতে বাধ্য হচ্ছি ওনার বলার ধরণ যথেষ্ট অশ্রদ্ধাপূর্ণ।’

বিবাদের কেন্দ্রবিন্দু:
মৈত্রেয়ীর এই পোস্ট থেকে স্পষ্ট যে, সৌরভের মন্তব্যটিকে তাঁরা ‘ব্লেম গেম’ বা রাহুলের ওপর দোষ চাপানোর চেষ্টা হিসেবে দেখছেন। রাহুল যে আনন্দের জন্য বা ‘বেপরোয়া’ হয়ে জলে নামেননি, বরং কাজের প্রয়োজনে বা অভিনয়ের খাতিরেই নামতে হয়েছিল— সেই সত্যটাই তুলে ধরেছেন মৈত্রেয়ী। শুটিং ইউনিটের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন না তুলে সৌরভের এমন মন্তব্য তাঁর মনে ‘মহারাজ’-এর প্রতি শ্রদ্ধা কমিয়ে দিয়েছে বলেই জানিয়েছেন তিনি।
মৈয়েত্রীর পোস্টের সঙ্গে সহমত তাঁর অনুগামীরাও। একজন লেখেন, ‘উনি এবং ওনার স্ত্রী দুজনেই মানসিক বিকারগ্রস্থ। অভয়াকান্ডেও এমন মন্তব্য করেছিলেন…আর বানজি জাম্পিং, স্কাই ডাইভিং এগুলো কোন খারাপ বিষয় নয়। সেফটি মিজার্স ঠিক থাকলেই হয়। উনি পাড়ার জেঠুদের মত কথা বললেতো হবেনা। উনি সৌরভ গাঙ্গুলী’।