Social Media KYC Proposal। ব্যাঙ্কের মতোই সোশ্যাল মিডিয়ায় KYC বাধ্যতামূলক হচ্ছে?

Spread the love

সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও কেওয়াইসি বাধ্যতামূলক করা হবে? কেন্দ্রীয় সরকারের কাছে এমনই সুপারিশ করল সংসদীয় কমিটি। একাধিক রিপোর্ট অনুযায়ী, অনলাইনে মহিলা এবং শিশুদের সুরক্ষার স্বার্থে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বাধ্যতামূলকভাবে যাতে কেওয়াইসি (নো ইওর কাস্টমার) করা হয়, সেজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে সুপারিশ পাঠিয়েছে সাইবার অপরাধ ও সাইবার সুরক্ষা নিয়ে মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত কমিটি। আর যদি সেই সুপারিশ গৃহীত হয়, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে কেওয়াইসি করা হয় (আধার কার্ড বা প্যান কার্ডের সংযোগ), সেরকমই নিয়ম চালু হয়ে যাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও।

কেন সোশ্যাল মিডিয়ায় KYC চালু করতে চাইছে কমিটি?

তবে বিষয়টি নিয়ে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। কমিটি অবশ্য মনে করছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষেত্রে কেওয়াইসি বাধ্যতামূলক করা হলে ভুয়ো প্রোফাইল চিহ্নিত করতে, অনলাইনে হেনস্থা রুখতে, নেট দুনিয়ায় কাউকে অযাচিতভাবে বিরক্ত করা বা গোপনে অনুসরণ করার মতো ঘটনায় রাশ টানা যাবে।

অনলাইন দুনিয়ায় সুরক্ষা বাড়বে শিশু-মহিলাদের

একাধিক রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়া, ডেটিং অ্যাপ বা গেমিং প্ল্যাটফর্মে কেওয়াইসি-নির্ভর পরিচয় ও বয়স যাচাই প্রক্রিয়া চালু করার ফলে এরকম হেনস্থাকারীদের সহজে ধরা যাবে। অনলাইনে মহিলা এবং অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করা যাবে বলে আশাপ্রকাশ করা হয়েছে সংসদীয় কমিটির তরফে।

রি-কেওয়াইসির মতোই করা হোক রি-ভেরিফিকেশন

ওই সংসদীয় কমিটির মতে, যে উদ্দেশ্যে ওই প্রস্তাব দেওয়া হয়েছে, তা পুরোপুরি সফল করার জন্য নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের রি-ভেরিফিকেশন করতে হবে, ঠিক যেমন মাঝেমধ্যেই রি-কেওয়াইসি করতে হয় ব্যাঙ্কের ক্ষেত্রে। সেইসঙ্গে যে সব অ্যাকাউন্টের বিরুদ্ধে বারবার অভিযোগ জমা পড়ছে, সেগুলির উপরে লাগাতার নজরদারি চালানোরও সুপারিশ করা হয়েছে সাইবার অপরাধ ও সাইবার সুরক্ষা নিয়ে মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত কমিটির রিপোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *