গ্রামীণ এলাকায় এবার থেকে ৪৫ দিন অন্তর বুক করা যাবে গ্যাস সিলিন্ডার। এলপিজি সংকটের আবহে এমনই নির্দেশিক জারি করল কেন্দ্রীয় সরকার। এদিকে শহুরে এলাকায় এখনও ২৫ দিন অন্তরেই গ্যাস বুক করা যাবে। এরই মাঝে এলপিজি সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে রাজ্যে। এই আবহে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, গৃহস্থের রান্নাঘরের পাশাপাশি স্কুল এবং হাসপাতালে গ্যাস সরবরাহে টান পড়বে না। এই আবহে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর জারি করেছে রাজ্য সরকার। সঙ্গে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। কমিটি গঠন করে দিয়ে পরিস্থিতির পর্যালোচনা করা হবে। কন্ট্রোল রুমের নম্বর হল ১০৭০/২২১৪৩৫২৬/ ৮৬৯৭৯৮১০৭০। চালু করা হচ্ছে হেল্পলাইনও। এদিকে গ্রাহকদের সাহায্যের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে নবান্ন। বুকিং নিয়ে তাঁরা সমস্যায় পড়লে ৪৯৫০৬১০১/ ৩৫০২৬২১৪/ ২৪৮৭৪৪০০ নম্বরে কল করতে বলা হয়েছে।
গ্যাস সরবরাহ পরিস্থিতির ওপর নজর রাখতে গঠিত কমিটিতে থাকবেন স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ দফতরের প্রিন্সিপাল সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সচিব, শিল্প, বাণিজ্য দফতরের প্রিন্সিপাল সচিব, খাদ্য ও অসামরিক সরবরাহ দফতরের প্রিন্সিপাল সচিব, পর্যটন দফতরের সচিব, স্বরাষ্ট্র দফতরের সচিব, রাজ্য পুলিশের ডিজি, ডিজি (আইনশৃঙ্খলা), কলকাতার পুলিশ কমিশনার, এডিজি (এনফোর্সমেন্ট বিভাগ), এডিজি (আইবি)।
ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল, বিপিসিএলের মতো সংস্থাগুলিকে রাজ্য সরকার বলেছে, জরুরি পরিষেবার ক্ষেত্রে যাতে গ্যাস সরবরাহ ব্যাহত না হয়। এদিকে যে গ্রাহকেরা একটি সিলিন্ডার ব্যবহার করেন, সরবরাহের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে এলপিজি সংস্থাগুলিকে। উল্লেখ্য, ইরান যুদ্ধের আবহে ভারতে ইতিমধ্যেই গ্যাসের সংকটের আভাস দেখা দিয়েছে। এর জেরে দক্ষিণ ভারতে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরে একাধিক হোটেল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষের বাড়িতে যাতে গ্যাসের সংকট না হয়, তার জন্য বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহে কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে ই-কেওয়াইসি না থাকা গ্রাহকদের মাথায় হাত পড়েছে। প্রসঙ্গত, ভারত মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ আমদানি করে। এর অধিকাংশই উপসাগরীয় দেশগুলি থেকে আসে। এই আবহে ভারতে জ্বালানি সংকট মোকাবিলা করার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। ভারতে পেট্রোল-ডিজেলের দাম না বাড়লেও বেড়েছে রান্নার গ্যাসের দাম।
