পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে পাকিস্তানকে রহস্যেয় মোড়া হুঁশিয়ারি

Spread the love

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার এক বছর পূর্ণ হল। এই অভিশপ্ত দিনে দাঁড়িয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানকে অত্যন্ত কড়া ভাষায় এবং কিছুটা রহস্যময় ভঙ্গিতে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিংয়ের এই ‘ক্রিপ্টিক’ বা রহস্যময় সতর্কবার্তা নিয়ে এখন জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ঠিক এক বছর আগে পহেলগাঁওয়ের শান্ত উপত্যকা কেঁপে উঠেছিল জঙ্গিদের কাপুরুষোচিত হামলায়। সেই ঘটনার ক্ষত আজও তাজা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শহিদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ভারতের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা ভারতের শান্তিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তাদের চরম মূল্য দিতে হবে।’

রাজনাথ সিংয়ের ‘রহস্যময়’ হুঁশিয়ারি

এদিন একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং সরাসরি পাকিস্তানের নাম না নিলেও তাঁর নিশানায় যে ইসলামাবাদ ছিল, তা স্পষ্ট। তিনি বলেন, ‘আপনাদের এটা নতুন করে বলে দেওয়ার দরকার নেই যে অপারেশন সিঁদুরের সময় আমাদের সেনা কী করেছিল। আমাদের সৈন্যশক্তির আগের থেকেও মজবুত হয়ে গিয়েছে। ভারত বিশ্বের কোনও দেশকে (প্রথমে) হামলা করেনি। কিন্তু কোনও প্রতিবেশী দেশ যদি ঝামেলা পাকানোর চেষ্টা করে, তো ডট…ডট…ডট। সব প্রতিবেশীই ঠিক আছে। শুধু একটাই ঝামেলা পাকায়।’

পহেলগাঁওয়ের ঘটনায় শোকপ্রকাশ মোদীর

রাজনাথের মন্তব্যের আগে আজ পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘গত বছর আজকের দিনে পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় যে সমস্ত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের আজ আমি স্মরণ করছি। তাঁদের কখনও ভোলা হবে না। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল।’

তিনি আরও বলেন যে এই মর্মান্তিক ঘটনা আজও দেশের বিবেকের ওপর বোঝা হয়ে রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় ও অটল অবস্থানের কথা পুনরায় উল্লেখ করেন মোদী। তিনি বলেন, দুঃখ ও সংকল্পের এই সময়ে সমগ্র জাতি একসঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেন, ‘জাতি হিসেবে আমরা দুঃখ ও সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কোনও প্রকার সন্ত্রাসবাদের কাছে মাথানত করবে না। সন্ত্রাসীদের ঘৃণ্য ষড়যন্ত্র কখনও সফল হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *