হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান ইয়েমেনের সেনাবাহিনীর

Spread the love

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। বলেছে, গত ২৪ ঘণ্টায় ১৩৩টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে হুতিদের জনবল ও সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তারা।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুতিদের হুমকির উৎস লক্ষ্য করে রকেট লঞ্চার, কামান ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

 

তিনি জানান, সম্মুখসারিতে মোতায়েন থাকা সেনা ইউনিটগুলোও এসব অভিযানে অংশ নেয়। হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তাদের হামলার জবাব দিতেই অভিযানগুলো চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
 
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ থেকে হুতিদের বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও বাড়ানোর ঘোষণা দেওয়ার পরই এসব অভিযানের কথা জানানো হলো। 
 
গত সোমবার (১৭ আগস্ট) লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক জাহাজ ও সেটির সঙ্গে থাকা চারটি সহযোগী নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে হুতি বিদ্রোহীরা। জবাবে ইয়েমেনের জাতীয় প্রতিরক্ষা পরিষদ হুতি অবস্থান লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা সম্প্রসারণের নির্দেশ দেয়।
 
ইয়েমেনে দীর্ঘদিন ধরে সৌদি সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সংঘাত চলছে। হুতিরা দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। ইরান যুদ্ধের প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্রন্টে উভয় পক্ষের সামরিক তৎপরতা আরও বেড়েছে।
 
তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ১৩৩টি অভিযানের দাবির বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *